কলাবাগানে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের গ্রিন রোড এলাকায় নিজ বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রিন রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলাবাগান থানার এসআই আতিকুর রহমান জানান, বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ধীরেন্দ্র কুমারকে দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। এদিকে সকালে ঘুম থেকে উঠে তাদের মেয়ে বাবাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








